অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ আসনের ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
মঙ্গলবার আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ঋণখেলাপি হওয়ায় বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রাখে।
পরে জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ তা মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেয় যে, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে।



