ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এদিকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।



