গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেবে সরকার: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারের নিশ্চয়তা দেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর বিষয়টি চলতি বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হবে।”
মন্ত্রী আরও বলেন, “গুমের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার আপনাদের পাশে থাকবে।”
সংলাপে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের, ন্যায়বিচার নিশ্চিত করার।” তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। গুমের শিকার পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন।



