অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ভয়াবহ হারে বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৪৯ পিএম
দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু ভয়াবহ হারে বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এটি এখন দেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।
মন্ত্রী স্বীকার করেন, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারের ফলে জীবাণু অনেক ওষুধের বিপরীতে আর কার্যকর হচ্ছে না। অতিরিক্ত ব্যবহার এবং সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থার অভাবই এ পরিস্থিতির জন্য দায়ী। এর ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং পরিবেশে প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
তিনি জানান, ‘ওয়ান হেলথ’ পদ্ধতির আওতায় মানব, প্রাণী ও পরিবেশ খাতে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে, যাতে দ্রুত জীবাণু শনাক্ত করা যায়। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত গবেষণা এবং জীবাণুর বিস্তার পর্যবেক্ষণের কার্যক্রমও চলমান রয়েছে। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী।



