মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর প্রকাশিত ভিডিওতে তারেক রহমান, গান ‘আমার বন্ধু মহাজাদু জানে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:০৮ পিএম
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরের কিছু অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ব্যাকগ্রাউন্ড সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের গাওয়া জনপ্রিয় গান ‘মহাজাদু’।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। মাত্র তিন ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৯ লাখের বেশি বার দেখা হয়েছে। ২ মিনিট ৪০ সেকেন্ডের এ ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ নানা কর্মসূচি তুলে ধরা হয়েছে।
ভিডিওতে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে বলতে শোনা যায়, “যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব।” তিনি আরও বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে রোববার মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে সোমবার তিনি চীনের দালিয়ান শহরে গেছেন।
পুত্রাজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জিয়া পরিবারের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সৌভাগ্যবান যে, আপনার প্রয়াত বাবা ও মায়ের সঙ্গে আমাদের পরিচয় ছিল। আমি তাকে আমার প্রথম অভিজ্ঞতার কথা জানিয়েছি—যখন আমি একজন যুবনেতা হিসেবে মৌচাক ক্যাম্পে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম।”
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “তারেক রহমান ও তার পরিবার চরম কষ্ট ও সংগ্রাম সহ্য করেছেন। তিনি নিজের দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং তাদের স্বাধীনতা ও উন্নতির পক্ষে নিজের আদর্শে সবসময় অবিচল থেকেছেন।”



