আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে। রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করে।
বিএলআরআই কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার জন্য মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “মহিষটি যেহেতু চিড়িয়াখানায় ছিল, তাই আগামী ১৪ থেকে ২১ দিন পর্যন্ত একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে রোগমুক্ত কি না তা নিশ্চিত করা হবে। এরপর গবেষণায় ব্যবহারের পরিকল্পনা নেওয়া হবে।”
উল্লেখ্য, কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা হচ্ছিল। এর ‘অসাধারণ চুল’ দেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রাখেন। পরে মহিষটি বিক্রি হয়ে কেরানীগঞ্জে যায়। ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে উদ্ধার করে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যায়।



