Logo
Logo
×

জাতীয়

পুত্রজায়ায় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বৈঠক, সই হচ্ছে একাধিক চুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৯ এএম

মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বৈঠক, সই হচ্ছে একাধিক চুক্তি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্থানীয় সময় সোমবার (২২ জুন) পুত্রজায়ার পারদানা পুত্রা ভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সকাল ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি খালেদ নুরদিনসহ দেশটির মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০৩ সদস্য ও তিন কর্মকর্তার সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন। রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের এই সম্মানরক্ষী দলটির নেতৃত্ব দেন মেজর নুর আহমাদ জায়িম জাহারি।

স্থানীয় সময় বেলা ১১টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। 

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর শিল্প, জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করবেন দুই নেতা। এর পরপর উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দুই প্রধানমন্ত্রী পরে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা।

জানা গেছে,  দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ গবেষণা ও বিনিয়োগ প্রসার এবং সুবিধা বৃদ্ধিসংক্রান্ত দুটি কূটনৈতিক নোট বিনিময় (এক্সচেঞ্জ অব নোটস) অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার ছয়টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করবেন। 

পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান,  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে বৈঠকে  আছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো’ শাহরোল আনুয়ার বিন সারমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরান মোহাম্মদ জিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন