স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ আরও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।
রোববার পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশ আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। যাতে করে আমরা প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এ ছাড়া পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।”
তিনি আরও জানান, বিপুলসংখ্যক মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমাদের লক্ষ্য হলো কোনো মা যেন স্বাভাবিক ডেলিভারির সময় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবা পান। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট থাকবে। এসব ইউনিটে অন্তত দুজন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবেন।”



