Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৩০ পিএম

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে কুয়ালালামপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং মন্ত্রিসভার আটজন সদস্য ও উপদেষ্টা।

রোববার দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের এ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। সফরে বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় থাকবে।

প্রধানমন্ত্রী সোমবার দুপুরের পর কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে রওনা হবেন। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা হুমায়ুন কবির এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া বিশেষ সহকারী তানভীর গনি ও বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সফরে রয়েছেন।

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশের জাতীয় পতাকা ও মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন