Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং, ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’ পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং, ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’ পরিকল্পনা

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে তারা ৩২ লাখ ১৬ হাজার ৩৭টি টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে, যা গত ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ১৩.০৭ কোটি মেট্রিক টন কার্গো এবং ৪ হাজার ৭৭টি জাহাজ হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। গড়ে প্রায় ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৭.৫৫% বেশি। কর-পূর্ব উদ্বৃত্ত মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা। সরকারি কোষাগারে ভ্যাট, ট্যাক্স ও এনটিআর বাবদ রেকর্ড ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। টিওএস, ই-গেইট ও ই-পেমেন্ট সিস্টেম চালুর ফলে জাহাজের গড় টার্ন-অ্যারাউন্ড টাইম ২.১২ দিনে নেমে এসেছে। ‘পেপারলেস পোর্ট’ বাস্তবায়নের লক্ষ্যে সিপিএ স্কাই ও পোর্ট সিঙ্গেল উইনডো চালু করা হয়েছে। ইয়ার্ড সক্ষমতা ৫৩ হাজার টিইইউএস থেকে ৫৯ হাজার টিইইউএস-এ উন্নীত করা হয়েছে।

চেয়ারম্যানের তত্ত্বাবধানে কর্ণফুলী চ্যানেলের ড্রেজিং কাজে সর্বনিম্ন দর নিশ্চিত হওয়ায় সরকারের প্রায় ৬০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বে-টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। বে-টার্মিনাল প্রকল্পে ঋণের সুদের হার কমিয়ে প্রায় ৬ হাজার ৬১১ কোটি টাকা সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর নিরাপত্তা ও আইএসপিএস কমপ্লায়েন্স বজায় রাখায় ইউএস কোস্ট গার্ডের সর্বশেষ অডিটে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে। করাচি-চট্টগ্রাম সরাসরি কন্টেইনার রুট চালু হয়েছে এবং ইউরোপ ও আমেরিকার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ‘গ্রিন ও স্মার্ট পোর্ট’-এ রূপান্তরের লক্ষ্যে আধুনিক রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৪০ সালের মধ্যে বন্দরের সক্ষমতা চারগুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা চট্টগ্রাম বন্দরকে দক্ষিণ এশিয়ার প্রধান লজিস্টিক হাবে পরিণত করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন