Logo
Logo
×

জাতীয়

‘সালাহউদ্দিন ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন’

বাবরের নামে প্রচারিত দাবি ভুয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

‘সালাহউদ্দিন ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন’

ইসলামী ব্যাংকের পরিচালনা ও ঋণসংক্রান্ত আলোচনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।

তবে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো ধরনের তথ্যপ্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

দাবিসংবলিত পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির উৎস, প্রাসঙ্গিক রেফারেন্স কিংবা কোনো বিশ্বাসযোগ্য সূত্রের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে বাবর এমন মন্তব্য করেছেন বলে দাবি করা হচ্ছে, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সালাহউদ্দিন আহমদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো বক্তব্যের তথ্য কোনো মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও জানা যায়, সম্প্রতি একই ধরনের একটি দাবি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। তবে যাচাই করে দেখা গেছে, তিনিও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, এক বক্তব্যে তিনি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন, যা পরবর্তীতে বিকৃতভাবে প্রচার করা হয়।

ফলে, ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন