স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের এলাকা নরসিংদী জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় এ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দফতর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ মেডিকেল কলেজ চালু হলে নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



