পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে প্রত্যাহার করা এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার করা হয়েছে। ওই জেলার এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার করা হয়েছে। ঝিনাইদহের এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনে বদলি করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ পাওয়া মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।



