চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৪২ পিএম
বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার করতে চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (১০ জুন) কুনমিংয়ে অনুষ্ঠিত ওই ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কায়সার কামাল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্বের ভিত্তিতে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, চীন বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। দুই দেশের নেতৃত্ব বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।
ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের গভর্নর সভাপতিত্ব করেন। এতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত জিয়াও ছিয়ান, নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরুথিশাম আদম, শ্রীলঙ্কার পররাষ্ট্র প্রতিমন্ত্রী অরুণ হেমাচন্দ্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।



