সবার জন্য সুন্দরভাবে ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেকের জন্য সুন্দরভাবে ব্যবসা করার সুযোগ তৈরি করা হবে। এতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। তিনি জানান, এবারের বাজেট সেই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণের জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে অর্থনীতি ধ্বংস হয়েছিল। তাই অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি।
প্রধানমন্ত্রী জানান, আমদানি ও রফতানি নিবন্ধন প্রক্রিয়া এখন অনলাইনে দ্রুত সম্পন্ন হচ্ছে। রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ হালনাগাদ প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ সহজ করতে অশুল্ক বাধা দূর করা হয়েছে। বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানকে এফওসি ভিত্তিতে আমদানির সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমদানি সহজীকরণের জন্য মূল্য পরিশোধ পদ্ধতি সরল করা হয়েছে এবং এলসি ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ রাখা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি বাস্তবায়ন ও ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা হচ্ছে।



