রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি ব্যবসায়ীদের, প্রধানমন্ত্রীর কাছে চিঠি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০৭ পিএম
দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে সংগঠনটি।
ব্যবসায়ী নেতারা বলছেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার বর্তমান নির্দেশনার কারণে খুচরা ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এতে লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা হুমকির মধ্যে পড়ছে।
সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ দাবি জানান।
চিঠিতে তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। দোকানভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এর সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার বাধ্যবাধকতা ব্যবসার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।
ব্যবসায়ী নেতাদের দাবি, অধিকাংশ চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। তারা সাধারণত বিকাল বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের মতে, দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সেই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়।
পরবর্তীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধার্থে ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়।



