দুর্যোগের বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনসিপির, সংসদে জবাব দিলেন ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:০৩ পিএম
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সংসদ সদস্য। তাদের দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হচ্ছে না।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন ও আবদুল হান্নান মাসউদ।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আখতার হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবের কাছে জানতে চান, দেশের দুর্যোগের মানচিত্রে কোনো পরিবর্তন এসেছে কি না। কারণ হিসেবে তিনি বলেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা কেবল সরকারি দলের সংসদ সদস্যদের এলাকাতেই গেছে। বিরোধী দলের আসনগুলো বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, যদি এমন হতো যে দুর্যোগ শুধু সরকারি দলের আসনেই আসে, বিরোধী দলের এলাকায় আসে না, তাহলে হয়তো বিষয়টি অন্যভাবে দেখা যেত।
জবাবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব বলেন, যেখানেই দুর্যোগ সংঘটিত হয়, সেখানেই জেলা প্রশাসকদের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এছাড়া টিআর ও কাবিখা প্রকল্পের ক্ষেত্রে সংসদ সদস্যদের চাহিদাপত্রের ভিত্তিতে বরাদ্দ প্রদান করা হয়।
তিনি আরও জানান, সরকারি ও বিরোধী— উভয় দলের সংসদ সদস্যদের ডিও এবং স্থানীয় চাহিদা অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বিরোধী দলের সদস্যরাও আগামী এক-দুই দিনের মধ্যে বরাদ্দ পেয়ে যাবেন বলেও জানান মন্ত্রী।
একই ধরনের প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তার জবাবে ত্রাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিটি সংসদীয় আসনের জন্য কাবিটা (কাজের বিনিময়ে টাকা) খাতে ২৫ লাখ টাকা, টিআর খাতে ৩০ লাখ টাকা, কাবিখা (চাল) ২০ মেট্রিক টন এবং কাবিখা (গম) ২০ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী দাবি করেন, এসব বরাদ্দের পাশাপাশি স্থানীয় প্রয়োজন ও সংসদ সদস্যদের সুপারিশের ভিত্তিতে অতিরিক্ত সহায়তাও দেওয়া হচ্ছে।



