Logo
Logo
×

জাতীয়

‘১০০ দিনে ৬০৫ খুন’ পরিসংখ্যানে সীমাবদ্ধতা রয়েছে: পুলিশ সদর দপ্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম

‘১০০ দিনে ৬০৫ খুন’ পরিসংখ্যানে সীমাবদ্ধতা রয়েছে: পুলিশ সদর দপ্তর

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে— ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এমন পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের ভাষ্য, এই সংখ্যা স্বাভাবিক খুনের প্রবণতার বাইরে নয়; বরং দেশের দীর্ঘমেয়াদি পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবির বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘১০০ দিনে দেশে ৬০৫টি খুন’ শীর্ষক সংবাদ তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে বাংলাদেশ পুলিশের সংরক্ষিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই প্রতিবেদনে বেশ কিছু পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মার্চ ও এপ্রিল— এই দুই মাসে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে পূর্বশত্রুতার জেরে ৩৩৬টি, পারিবারিক কলহে ১৪৬টি, সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি, আকস্মিক আঘাতে ১৯টি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯টি, প্রেম ও পরকীয়াজনিত ৫টি, ছিনতাইয়ের ঘটনায় ৬টি এবং দাঙ্গা, দস্যুতা, অপহরণ ও অন্যান্য ঘটনায় ১৫টি হত্যা সংঘটিত হয়েছে। রাজনৈতিক কারণে হত্যার ঘটনা ঘটেছে মাত্র ৩টি।

পুলিশ সদর দপ্তর বলছে, এই শ্রেণিবিন্যাস বিশ্লেষণ ছাড়া শুধুমাত্র মোট সংখ্যা উপস্থাপন করলে প্রকৃত চিত্র ফুটে ওঠে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দশকে দেশে বছরে খুনের মামলার সংখ্যা ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজারের মধ্যে ওঠানামা করেছে। সেই হিসাবে গত দুই মাসের ৬০৫টি হত্যাকাণ্ডকে বাৎসরিক হারে রূপান্তর করলে তা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৩০টি, যা পূর্ববর্তী বছরগুলোর গড় পরিসংখ্যানের মধ্যেই পড়ে। ফলে এটিকে অস্বাভাবিক বৃদ্ধি হিসেবে দেখার সুযোগ নেই বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, দেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৮ কোটি ধরে হিসাব করলে গত দুই মাসে প্রতি লাখে হত্যার হার দাঁড়ায় ০.৩৪, যা আন্তর্জাতিক মানদণ্ডে উচ্চহার হিসেবে বিবেচিত হয় না। প্রেক্ষাপট ছাড়া কেবল সংখ্যাগত তথ্য তুলে ধরলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

পুলিশ সদর দপ্তরের দাবি, প্রকাশিত প্রতিবেদনে পূর্ববর্তী সরকারগুলোর একই সময়ের হত্যাকাণ্ডের তুলনামূলক তথ্যও উপস্থাপন করা হয়নি। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সক্রিয়ভাবে মামলা নথিভুক্ত করছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার (৭ জুন) ‘নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি তাদের পর্যবেক্ষণ প্রতিবেদনে জানায়, সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ডের পাশাপাশি ২০৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে দেশে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা ঘটেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন