বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষায় সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে।
শুক্রবার (৫ জুন) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ বক্তব্য দেন তিনি।
বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি গণতান্ত্রিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনীতিতে মূল্যবোধ নেই, পরিকল্পিতভাবে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের চরিত্র হনন করছে। নির্বাচনের আগে থেকেই গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এ চক্রান্ত সফল না হওয়ার দায়িত্ব সরকারের।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা ও কুৎসা রটানো হচ্ছে। নানা ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে।
আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



