এতিম ও পথশিশুদের সুরক্ষায় সরকারি উদ্যোগ: সমাজকল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে এবং শিশুদের প্রতি আরও আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন (বালক) পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি শিশু সদনের সার্বিক কার্যক্রম, আবাসন ব্যবস্থা, খাবারের মান, শিক্ষা ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের জন্য মিষ্টি ও ফল বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিশু সদনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



