গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (৩ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ২১০ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ১৪২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৫১১ জনের এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ জনের।



