Logo
Logo
×

জাতীয়

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও তৃণমূলে পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পাইলট আকারে স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে। সফল হলে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগ শনাক্ত করা সহজ হবে এবং জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা সম্ভব হবে। এজন্য একটি মেডিকেল কিট বক্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যেখানে রক্ত, ইউরিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা থাকবে।

তিনি জানান, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে। দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে আধুনিক আইসিইউ সুবিধা থাকবে। চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ঢাকা মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে নতুনভাবে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন