বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবালকে পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) পদায়ন করা হয়েছে।
হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।
একই ইউনিটের আরেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমৃত সূত্রধরকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
র্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার আমিরুজ্জামানকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমকে রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৫ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৬ জুন থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।



