ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা এক দিনে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। বুধবার (২৭ মে) সকালে এ তথ্য জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৬০২টি গাড়ি পদ্মা সেতু পারাপার করেছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পার হয়ে ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পার হয়ে আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।
এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে সামনে রেখে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকার টোল আদায় হয়েছিল।
মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাকসহ সব ধরনের যানবাহনের জন্য পৃথক টোল হার নির্ধারণ করে সেতুতে যাতায়াত সচল রাখা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনকারী এই সেতুতে গত তিন দিন ধরে ঘরমুখী মানুষের তীব্র চাপ দেখা যাচ্ছে। তবে মাওয়া ও জাজিরা টোল প্লাজায় আরএফআইডি কার্ডের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু থাকায় কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত যানবাহন পারাপার সম্ভব হচ্ছে।



