স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজের কারণে যেন কোনোভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক থাকবে।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে আবাদি জমি ক্রমেই কমে আসছে, যা খাদ্য নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই পরিবেশবান্ধব উন্নয়নকাজ করতে হবে। প্রয়োজনে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ‘ভার্টিক্যাল পদ্ধতি’ অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে, যাতে কৃষিজমি রক্ষা পায়।
তিনি উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, সরকারের কোনো উন্নয়নকাজে গাফিলতি বা দুর্নীতি হলে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় সরকার ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।



