পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থার মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার হুমকি পাওয়া যায়নি।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের বিশেষ প্রস্তুতি রয়েছে।”
র্যাব জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। প্রধান প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাত ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।
র্যাব বলেছে, ছুটির সময়ে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল বাড়ানো হয়েছে। ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।



