রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:২৯ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান প্রসিকিউশন বিভাগে অভিযোগপত্র জমা দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ জানান, অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে। তদন্ত কর্মকর্তা এসআই অহিদুজ্জামান বলেন, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর মৃত্যুর সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা প্রতিবেশী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন।
প্রথমে স্বপ্না আক্তারকে আটক করা হয় এবং পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। গত ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।



