পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শনিবার (২৩ মে) রাজশাহী ও নাটোরের কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে বিহাস ফিডারের আওতাধীন মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



