দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিনজন এবং উপসর্গে মারা গেছে চারজন। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০৮। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪২ হাজার ৩৩৬ জন। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। সবমিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৮৮ জনে।



