শিশু রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:০২ পিএম
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।
বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর স্বপ্নাকে আটক করা হয় এবং সোহেল আত্মগোপনে গেলেও সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সম্মত হয়েছে।
এদিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার দেহের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।



