২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৫১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:০৮ পিএম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নতুন করে ১ হাজার ১৯২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট ৫৫ হাজার ৬১১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন। ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আটজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।



