বাজেটে কর-ভ্যাট বাড়ানোর প্রস্তাব, উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:৫১ পিএম
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব বাড়াতে একাধিক কর ও ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। নিত্যপণ্যে উৎসে কর বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট এবং ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল নিবন্ধনে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হতে পারে। বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব, বাণিজ্য সচিব ও এনবিআর চেয়ারম্যানসহ বাজেটসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র জানিয়েছে, এবারের বাজেটে নিত্যপণ্যের সরবরাহে উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করার পরিকল্পনা রয়েছে। এতে চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও অন্যান্য পণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি রপ্তানি প্রণোদনার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এতে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে।
ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকানদারদের ভ্যাট জালে আনতে মাসে এক হাজার টাকা বা বছরে ১২ হাজার টাকা হারে প্যাকেজ ভ্যাট আরোপের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ভ্যাট নিবন্ধন (বিআইএন) প্রক্রিয়া সহজ করা হবে এবং আগামী অর্থবছর থেকে ব্যাংকে চলতি হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক করা হবে।
এছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বোনেটেড বেভারেজ, প্রসাধনীসামগ্রী, সিগারেট-বিড়ি, জর্দা-গুলের সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। এমএস প্রডাক্ট, রেডসিড অয়েল, কোলজা সিডস অয়েল ও কেনোলা অয়েলের ওপরও ভ্যাট বৃদ্ধির প্রস্তাব রয়েছে। অন্যদিকে ই-সিগারেট ও নিকোটিন পাউচকে ধোঁয়াবিহীন তামাকের মতো শুল্কের আওতায় আনা হতে পারে।



