উচ্চ শিক্ষায় মান নিশ্চিতকরণে গুরুত্বারোপ করলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:২৫ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭টিতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা নেই।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দিনব্যাপী জাতীয় কর্মশালা ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা শিক্ষাক্ষেত্রে সংখ্যায় অনেক এগিয়েছি, তবে মান কতটুকু তা জানা নেই। তাই সময় এসেছে চাহিদাভিত্তিক শিক্ষার দিকে মনোযোগ দেওয়ার।” তিনি আরও জানান, সরকার নতুন কারিকুলাম ও আউটকামভিত্তিক শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করছে। অতীতে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীরা বাংলাদেশে আসতেন, কিন্তু এখন সেই অবস্থান আর নেই। সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় দিনব্যাপী একাধিক টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ ও মান নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।



