মানবতাবিরোধী অপরাধের বিচার তামাদি হবে না: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১৮ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা কিংবা ন্যায়বিচারবিরোধী কর্মকাণ্ডকে সরকার কখনো তামাদি হতে দেবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার (৮ মে) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, শাপলা চত্বরের ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয়েছিল এবং সরকারের সমর্থিত গণমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রমনা কোনো অংশই নির্যাতনের বাইরে ছিল না।
তিনি আরও জানান, জাতীয় সংসদ ইতোমধ্যে শাপলা শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে এবং জুলাই অভ্যুত্থানসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। ২০০৯ সালের পর থেকে বিরোধী দলের সমাবেশে হামলা, রাজনৈতিক দমন-পীড়ন ও শাপলা চত্বরের অভিযানের বিরুদ্ধে জনগণের ক্ষোভ জাতীয় ঐক্যে রূপ নেয়। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে।
মহুরম বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল তার গ্রহণযোগ্য নেতৃত্বের কারণেই। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, জাতীয় সংসদে শাপলা শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে সরকার দায়বদ্ধতার বার্তা দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক শক্তির পাশাপাশি সামাজিক শক্তির ঐক্য ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও জাতীয় স্বার্থের প্রশ্নে গোটা জাতি এক হয়ে যায়—এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। শহীদদের প্রতি প্রকৃত দায়িত্ব পালনে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সাইদ উদ্দিন আহমাদ হানজালা, শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বক্তব্য রাখেন।



