এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:২২ পিএম
চাহিদা অনুযায়ী পর্যাপ্ত উৎপাদন থাকায় টানা এক সপ্তাহ দেশে কোনো লোডশেডিং হয়নি। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।
উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে কৃষকদের সেচের প্রয়োজন হয়নি, ফলে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা কমে যায়। এতে বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটে এবং লোডশেডিং শূন্যে নেমে আসে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল থাকায় উৎপাদন নিরবচ্ছিন্ন রয়েছে। পটুয়াখালীর আরএনপিএল কয়লাভিত্তিক কেন্দ্রের একটি ইউনিট ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে এসেছে, আরেকটি শিগগিরই যুক্ত হবে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিনের বিদ্যুৎ চাহিদা ১০ হাজার থেকে ১২ হাজার ৭০০ মেগাওয়াটের মধ্যে ছিল এবং সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ যেমন অপ্রয়োজনীয় আলোকসজ্জা নিষিদ্ধ করা, এসি ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহার এবং সচেতনতা কার্যক্রমও ইতিবাচক ভূমিকা রেখেছে। পাশাপাশি এলএনজি, হেভি ফুয়েল অয়েল ও কয়লা আমদানির উদ্যোগ এবং আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করেছে।
রাজধানীর গ্রাহকরা জানিয়েছেন, গত এক সপ্তাহে কোথাও লোডশেডিং হয়নি। এতে বাসাবাড়ি ও ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক কার্যক্রম বজায় রয়েছে। তবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানিয়েছে, স্থানীয়ভাবে গাছ কাটা, লাইন রক্ষণাবেক্ষণ বা কারিগরি কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তবে এগুলো লোডশেডিং হিসেবে গণ্য নয়।



