পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৮ এএম
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
রবিবার (৩ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এ ছাড়া পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে।



