বিভিন্ন দেশ ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে। একই তারিখে পাকিস্তানেও ঈদ উদযাপিত হতে পারে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।
যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবন বিষয়ক প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন। সংযুক্ত আরব আমিরাতও বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী জানিয়েছে, হজের দিন পড়বে ২৬ মে এবং ঈদুল আজহা হবে ২৭ মে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্তভাবে ঈদের দিন নির্ধারণ হবে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২৭ মে, আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ২৮ মে।



