ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০৯ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরছে। সব প্রক্রিয়া শেষে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হয়েছে, যা আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে। মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর আগে টাম্পার একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তার মরদেহও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে টাম্পায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট যৌথভাবে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল সেহেলী সাবরীন।



