Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য তারা প্রত্যাখ্যান করেছেন। তার মতে, সাহাবুদ্দিন চুপ্পুর আর বঙ্গভবনে থাকার কিংবা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক অধিকার নেই। তিনি অভিযোগ করেন, দুদকের কমিশনার থাকাকালে রাষ্ট্রপতি ফরমায়েশি রায় দিয়েছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক লুণ্ঠন, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিনচিট দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা বাতিলের মতো কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল। জুলাই গণহত্যার সময়ও তিনি বিতর্কিত ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “এই দুর্নীতিবাজ, অপদার্থ ও মিথ্যুক রাষ্ট্রপতিকে আমরা প্রত্যাখ্যান করছি।” একই আলোচনায় তিনি বিএনপি ও জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা কাম্য নয়।

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি, তবে মুক্তিযুদ্ধের নামে লুটপাট ও ফ্যাসিবাদ কায়েমের বিষয়ও উপেক্ষা করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানকে তিনি মুক্তিযুদ্ধের নবায়ন হিসেবে উল্লেখ করেন এবং জনগণকে বিভক্ত করার রাজনীতি পরিহার করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন