দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ৬ মাস ভিভিআইপি মর্যাদা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ পিএম
দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রয়োজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে বিবেচিত হবেন।
গত ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ১৯৭৩ সালের আদেশে থাকা ভিভিআইপি সুবিধার মেয়াদ এক বছর থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে।
তবে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে আগের প্রজ্ঞাপন বহাল রাখা হয়েছে। তিনি গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়ার আগে নিজেকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিলেন। নতুন প্রজ্ঞাপনে তার সুবিধা ১৬ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।
পূর্বের প্রেক্ষাপট
২০০১ সালে ভিভিআইপি সুবিধার মেয়াদ ছিল এক বছর।
২০০২ ও ২০০৬ সালে তা কমিয়ে তিন মাস করা হয়।
এবার নতুন প্রজ্ঞাপনে মেয়াদ নির্ধারণ করা হলো ছয় মাস।
সরকারের ব্যাখ্যা
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



