এয়োদশ সংসদ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ পায়নি ইইউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশ করেছে ইইউ পর্যবেক্ষক দল, যার মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচনে প্রার্থিতার অংশগ্রহণে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে ঘটবে বলে তারা আশা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইইউর ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪ জেলায় দায়িত্ব পালন করেন। ইভার্স ইজাবস জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল এবং ইসির কার্যকর ভূমিকার কারণে ভোট স্বচ্ছ হয়েছে। তিনি বলেন, ভোট কাস্টিং ও পোস্টাল ব্যালটের প্রক্রিয়া প্রশংসনীয়।
ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে নারী হেনস্তা রোধে ডিজিটাল ব্যবস্থা, এক-তৃতীয়াংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রার্থীদের খরচের অডিট এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়ানোসহ ১৯টি প্রস্তাবনা তুলে ধরা হয় প্রতিবেদনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছিল কিছু রাজনৈতিক দল। ইইউর চূড়ান্ত প্রতিবেদনে সেই অভিযোগকে ভিত্তিহীন বলা হয়েছে।



