কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় র্যাবের হাতে গ্রেপ্তার ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা আগে থেকেই রেলওয়ে ডাকাতি মামলার আসামি ছিলেন। তাদের মধ্যে চারজন সরাসরি বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তারা জানান, বৈরাগী বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন। ছিনতাইকারীরা আগে থেকেই ওই অটোরিকশায় অবস্থান করছিল। পরে তাকে ছিনতাইয়ের কবলে ফেলে হত্যা করা হয়।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি হাড়াতলী এলাকার ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মাথার পেছনের আঘাত দেখে সড়ক দুর্ঘটনা সন্দেহ করা হলেও তদন্তে উঠে আসে তিনি ছিনতাইয়ের শিকার হয়ে খুন হয়েছেন।
র্যাব-১১ সিপিসির অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, এটি ছিল ক্লু-লেস মার্ডার। তদন্তে মোবাইল ফোনের ট্র্যাকসহ বিভিন্ন তথ্য পাওয়া গেছে। নিহত বৈরাগীর ফোন শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সচল ছিল এবং রাত আড়াইটার আগ পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হয়েছিল।
বৈরাগীর মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে কুমিল্লা কাস্টমস অফিসে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির আঙিনায় ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়।



