সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং সেখানে আয়োজিত পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দিনশেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন।



