সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল পাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিল পাশের ফলে ১৯৭৩ সালের আদেশের আর্টিকেল থ্রি-সি বিলুপ্ত হলো, যা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি অধিকার দিয়েছিল। আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করা নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্য তৈরি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে।
বিলে উল্লেখ করা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সরকারি দল ও বিরোধী দল আগেই জানিয়েছিল, তারা কেউ শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন।
উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথমে এমপিদের জন্য এ সুবিধা ছিল না। ১৯৮৮ সালে এরশাদের আমলে চতুর্থ সংসদ নির্বাচনের পর শুল্কমুক্ত গাড়ি সুবিধা চালু হয়। ২০২৪ সালের বাজেটেও এ সুবিধা বাতিলের প্রস্তাব উঠেছিল, তবে তখন কিছু সংসদ সদস্য এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।



