দেশজুড়ে হামে আক্রান্তর সংখ্যা বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২০৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় অংশই শিশু। হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।



