তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ নেই: পরিবহণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ এএম
তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই উল্লেখ করে সড়ক পরিবহণ, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার যথাসাধ্য চেষ্টা করেও উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। জনগণের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব।” তিনি আরও জানান, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে। তেলের দাম কমে গেলে কোনো আলোচনা ছাড়াই বাসভাড়া কমিয়ে দেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, শুধু ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি এবং যদি কোথাও বাড়ানো হয় তবে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান পরিবহণমন্ত্রী। তিনি বলেন, “অটোরিকশার দৌরাত্ম্য জনজীবন বিপর্যস্ত করছে। তাই প্রধান প্রধান সড়কে ধাপে ধাপে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করা হবে।”
উল্লেখ্য, ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়। এর সঙ্গে সমন্বয় করে গত ২৩ এপ্রিল থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।



