বৃহস্পতিবার পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ করবে সরকার: মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সভায় পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।”
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানিয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেড়েছে। এ অবস্থায় পরিবহণ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে তারা।
এর আগে গত রোববার (১৮ এপ্রিল) রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলে নির্দিষ্ট ভাড়া বৃদ্ধির হার জানা যাবে।
উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।



