জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া পুনর্নির্ধারণে আলোচনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সংশ্লিষ্টরা।
বৈঠকে ভাড়া কত বাড়ানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ সোমবার বিআরটিএ থেকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ানোর নিয়ম প্রচলিত। এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।
তবে পরিবহন মালিকরা দাবি করেছেন, ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। ডলারের দাম বাড়ায় যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে, সেটিও বিবেচনায় নিতে হবে। বিআরটিএ জানিয়েছে, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং মালিকদের দাবি সমন্বয় করে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে তেলের দাম কমলে একই অনুপাতে ভাড়া কমানো হয়েছে, তাই এবারও সেই নিয়মে ভাড়া বাড়ানো উচিত। অতিরিক্ত ভাড়া চাপানো হলে জনরোষ তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।



