বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম
দেশের ১৩তম নগর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। পরে জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
ফলক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশের অন্য ১২টি সিটি করপোরেশন হলো— ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
উল্লেখ্য, ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়। উত্তরাঞ্চলের অন্যতম পুরোনো এই পৌরসভায় ২১টি ওয়ার্ড ছিল। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করা হয়। সে সময় সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। প্রায় দুই দশক পর এবার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের যাত্রা শুরু হলো।



