তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে: জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ হলেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে সরকারের অতিরিক্ত দুই বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তবুও জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়ানো হয়নি।
মন্ত্রী আরও বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়েছে। এই বিপুল মূল্যবৃদ্ধি সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি করেছে। তবুও সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার বাড়তি ব্যয়ের বোঝা নিজেই বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।



